ছোট ছবির স্বপ্ন এবার সত্যিই বড় পর্দায়

2.07K বিনোদন 7 hours ago

শহর কলকাতা আবারও সাক্ষী থাকল এক অভিনব চলচ্চিত্র উদ্যোগের, যা স্বাধীন নির্মাতাদের জন্য খুলে দিল সম্ভাবনার এক নতুন দিগন্ত। সফলভাবে সম্পন্ন হল “ShortFlicks – Screen & Speak | Edition I”, যা আয়োজন করেছিল ShortFlicks Entertainment, সহযোগিতায় International Kolkata Short Film Festival। এই ব্যতিক্রমী স্ক্রিনিং প্ল্যাটফর্ম এক ছাদের নিচে এনে দিল ১২টি শর্ট ফিল্ম ও একটি মিউজিক ভিডিও যেখানে শিল্পী, নির্মাতা ও দর্শকের মধ্যে তৈরি হল এক প্রাণবন্ত ও সরাসরি সংলাপের পরিবেশ।

এই আয়োজন শুধুমাত্র একটি সাধারণ চলচ্চিত্র প্রদর্শনীতে সীমাবদ্ধ থাকেনি। প্রতিটি ছবির প্রদর্শনের পর নির্মাতারা তাঁদের সৃষ্টির অন্তরালের গল্প, নির্মাণের অভিজ্ঞতা এবং ভাবনার উৎস দর্শকদের সঙ্গে ভাগ করে নেন। ফলে এটি হয়ে ওঠে এক জীবন্ত চলচ্চিত্র আলাপচারিতার মঞ্চ, যেখানে গল্পের সঙ্গে যুক্ত হয় অনুভব, আর পর্দার সঙ্গে গড়ে ওঠে মানুষের গভীর সংযোগ।

উল্লেখযোগ্য প্রদর্শিত কাজগুলির মধ্যে ছিল “ক্যামেরার স্মৃতি”, “সাহারা”, “ছায়াপথ”, “ভালো আছি”, “কারুবাসনা”, “আয়েশা”, “বিনিময়”, “শুধু মনে রেখো”, “একটাই জীবন”, “ইতি – The Beginning”, “আজলি কাজলি” এবং মিউজিক ভিডিও “দুগ্গি পূজার হওয়া”। এই সব কাজের মাধ্যমে একদিকে যেমন উঠে এসেছে নানান বিষয়ভিত্তিক গল্প, তেমনই প্রতিফলিত হয়েছে নতুন ও অভিজ্ঞ শিল্পীদের সৃজনশীলতার বৈচিত্র্য।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ‘Behind The Short’ একটি বিশেষ ১:১ সাক্ষাৎকার পর্ব, যেখানে নির্মাতাদের সৃষ্টির অন্তর্লোক উন্মোচিত হয় দর্শকদের সামনে। সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল, এটি কোনো প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নয়। এখানে নেই ট্রফি বা পুরস্কারের লড়াই। বরং এটি একটি মুক্ত, অন্তর্ভুক্তিমূলক প্ল্যাটফর্ম, যেখানে নির্মাতারা তাঁদের কাজকে বড় পর্দায় উপস্থাপন করার পাশাপাশি দর্শকের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করতে পারেন যা আজকের ডিজিটাল নির্ভর যুগে সত্যিই বিরল।

এই প্রথমবার কলকাতায় শর্ট ফিল্মকে অনলাইন প্ল্যাটফর্মের গণ্ডি ছাড়িয়ে বড় পর্দায় উপস্থাপনের মাধ্যমে তৈরি হল এক নতুন সিনেমাটিক অভিজ্ঞতা। এই উদ্যোগ ভবিষ্যতে স্বাধীন চলচ্চিত্র আন্দোলনের গতিপথেও গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

আয়োজকদের অন্যতম Sourav Chakraborty বলেন, “শর্ট ফিল্মের পেছনে থাকে অগাধ পরিশ্রম, আবেগ ও স্বপ্ন। এই প্ল্যাটফর্ম সেই গল্পগুলোকে মানুষের সামনে পৌঁছে দেওয়ার এক আন্তরিক প্রয়াস এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।” দর্শকদের উচ্ছ্বাস ও ইতিবাচক প্রতিক্রিয়া এই উদ্যোগের সাফল্যকে আরও দৃঢ় করেছে। আয়োজকদের বিশ্বাস, “Screen & Speak” ভবিষ্যতে স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক নির্ভরযোগ্য ও গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠবে।

Latest Update